
মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ১০৬তম লাঠিখেলা। এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। শতবর্ষী এ লোকজ আয়োজন দেখতে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে নানা বয়সী মানুষের সমাগম ঘটে।
লাঠিখেলা বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যের একটি। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এই খেলাকে ১০৬ বছর ধরে ধরে রেখেছেন আয়োজকেরা। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। দর্শকেরা গ্রামবাংলার পুরোনো সংস্কৃতির এ খেলাটি উপভোগ করেন।
আয়োজনটি নতুন প্রজন্মের কাছে বাংলার নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি লোকজ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে এমন আয়োজন অব্যাহত থাকা গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
সংবাদ প্রচারে: সাংবাদিক বাবু বিশ্বজিৎ বসু