November 8, 2026, 4:34 pm
শিরোনাম :

কমলা শাড়ি ও সোনালি গয়নায় ঐতিহ্যবাহী সাজে পূর্ণিমা

অভয়নগর প্রতিবেদক

 

কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে বাঙালি ঐতিহ্য ও রুচিশীল ফ্যাশনের সমন্বয় দেখা গেছে। ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’

প্রকাশিত ছবিতে কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। শাড়ির জমিনে ছোট ছোট সোনালি নকশা ও পাড়ের কারুকাজ সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। এর সঙ্গে ছিল একাধিক স্তরের সোনালি গলার হার, বড় পেনড্যান্ট, ঝুমকা ও হাতে বালা। চুল পেছনে পরিপাটি করে বাঁধার পাশাপাশি সামনে কিছু চুল খোলা রেখেছেন তিনি। কপালের ছোট টিপ, চোখের গাঢ় সাজ ও কমলা আভাযুক্ত লিপস্টিক তাঁর সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা প্রশংসা জানিয়েছেন। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ তাঁকে বর্তমান সময়ের সুন্দরীদের সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেন তিনি।



ফেসবুক কর্নার