
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ের ইঙ্গিত দিয়েছেন। রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে পবিত্র কাবার সামনে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ছবিতে এক ব্যক্তির সঙ্গে তাঁকে দেখা যায়। একটি ছবিতে দুজনকে পেছন থেকে কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, অন্যটিতে তাঁদের হাত ধরা অবস্থায় দেখা যায়।
ছবির ক্যাপশনে নীহা লেখেন, এত দিন ব্যক্তিগত রাখতে চাওয়া জীবনের একটি সুন্দর অধ্যায়ের গল্প এবার সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহ তাঁদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। ক্যাপশনের শেষে তাঁদের বন্ধন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকার প্রার্থনা করেন অভিনেত্রী।
এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন নীহা। তবে তাঁর সঙ্গীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেননি। এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন থাকলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিয়ের বিষয়ে স্পষ্ট জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।