
সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।
সাংবাদিকদের অভিযোগ, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমনি। এ সময় ওই সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা, গালিগালাজ ও অশালীন আচরণের অভিযোগ ওঠে। সমাবেশে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় তারা ঐক্যবদ্ধ থাকবেন। পরীমনি দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাঁর সংক্রান্ত সংবাদ প্রকাশ না করার পাশাপাশি সার্বিকভাবে তাঁকে বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা।
এদিকে সাংবাদিকদের প্রতিবাদের প্রভাব পড়েছে পরীমনির অন্যান্য অনুষ্ঠানেও। চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের মিডিয়া কো-অর্ডিনেটর খালেদ সুমন। অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে যান।