November 8, 2026, 4:25 pm

তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনারের মানহানির মামলা

অভয়নগর প্রতিবেদক

 

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলাটি করেন তিনি। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায়।

মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, বাদী এর আগে তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। এর জেরে প্রতিহিংসাবশত ২০২৬ সালের ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান। পাশাপাশি বাদীকে নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন এবং তাঁর সম্মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগও করা হয়েছে। আরজিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর মেসেঞ্জারে কল করে তিশা বাদীকে ছবি প্রকাশের হুমকি দিয়েছিলেন।

বাদীর দাবি, ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দুই দিনের মধ্যে ছবি ও আপত্তিকর তথ্য সরানোর অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। এমনকি বাদী ও অন্য ব্যক্তিদের ছবি অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সানায়া আনাম জানান, তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। তবে মামলার এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।



ফেসবুক কর্নার