
তাবলিগ জামাতের সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জানিয়ে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে ঈমান আকিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি। সোমবার (৯ নভেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঈমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন ও সদস্য আব্দুল বারী। বক্তারা বলেন, তাঁরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নন, ঈমান-আকিদা রক্ষার জন্য কাজ করছেন; তাবলিগের নামে ভুল আকিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের পরিপন্থী।
বক্তাদের দাবি, সাদপন্থীরা ঈমান বিধ্বংসী বহু বক্তব্য দিয়েছেন। তাঁদের ভাষ্য, সাদপন্থীদের বক্তব্য অনুযায়ী কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক নেওয়া ব্যভিচারী নারীর উপার্জন থেকেও নিকৃষ্ট। এ ছাড়া ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু আলেম ও মুসল্লিকে হতাহত করা এবং ক্ষয়ক্ষতি ঘটানোর অভিযোগও তাঁরা করেন। এসব অভিযানের বিষয়ে সাদপন্থীদের বক্তব্য পাওয়া যায়নি।
সরলমনা মুসলমানদের ঈমান রক্ষায় সাদপন্থীদের ইজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানান বক্তারা। তাঁরা বলেন, দাবির পরও প্রশাসন ইজতেমা বন্ধ না করলে এবং জেলার আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায় প্রশাসনকে নিতে হবে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান আকিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।