
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন-চারজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে সোমাইয়া নবীনগরের রসুল্লাবাদ গ্রাম থেকে অটোরিকশায় কলেজের উদ্দেশে রওনা হন। পথে বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে সোমাইয়া ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সোমাইয়ার পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামে। তাঁর বাবার নাম আমীর হোসেন ও মায়ের নাম রত্না বেগম। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে থেকে পড়াশোনা করতেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশিদুল আলম দৈনিক অভয়নগরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।