November 10, 2026, 4:46 pm
শিরোনাম :
লোহাগড়ায় বাড়ির ছাদে ভ্যানচালকের মরদেহ, মৃত্যুর কারণ রহস্যে ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয়

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দুটি গ্রেনেডসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখে এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল দলের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবু বস্তু দুটি কখন ও কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার কথা বিবেচনায় বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার