আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি, সিলেট জেলা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র পদপ্রার্থী আফজল হোসেনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মশাল হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং দলটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের রাজনৈতিক সহিংসতা ও অনিয়মের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান প্রতিবাদী আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মশাল মিছিল ও কর্মসূচির সমাপ্তি ঘটে।