
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন এমিনে এরদোয়ান। ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় জলবায়ু সুবিচার নিশ্চিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতি বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়।
এমিনে এরদোয়ান বলেন, পরিবেশবান্ধব এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও দেশগুলোর পারস্পরিক অংশীদারত্ব জরুরি। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন। এতে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বর্তমানে আন্তালিয়ায় অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।