November 11, 2026, 2:06 pm
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ লালমনিরহাটে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সিলেটে সাবেক এমপি রনজিতের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর

অভয়নগর প্রতিবেদক

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার এবং নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১টা থেকে দেড়টার মধ্যে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় পৃথকভাবে এসব হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানায়, হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্তরা বাসা দুটিতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ও গেট ভাঙচুর করে। রনজিত ও নাজমুল আত্মগোপনে থাকলেও তাঁদের পরিবারের নারী ও শিশুরা বাসায় বসবাস করছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, টিলাগড়ে রনজিতের বাসায় চার ব্যক্তি প্রবেশ করে লাঠি ও হাতুড়ি দিয়ে ক্যামেরা ও কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করে। পরিবারের দাবি, ভাঙচুরের পর বাসার একাংশে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। অন্যদিকে, মেজরটিলায় নাজমুলের পারিবারিক ফ্ল্যাটে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক হামলা চালিয়ে দরজা ভাঙার চেষ্টা করে এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে। নাজমুল অভিযোগ করেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা ও লুটপাট চালিয়েছেন। তবে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন জানান, তিনি ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে কিছু জানেন না।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, বাসায় কিছুটা ভাঙচুর হয়েছে, তবে সরাসরি আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্তে খোঁজখবর নিচ্ছে।



ফেসবুক কর্নার