
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে শুরু হওয়া বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তুরস্কের আনতালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হয়েছে ১১ দিনব্যাপী কপ-৩১ সম্মেলন। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। আগামী ২০ নভেম্বর শেষ হবে এবারের সম্মেলন।