
শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশ হাতকড়া পরাতে চাইলে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’ পরে হাতকড়া ছাড়াই তাঁকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’
এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার অন্য ১০ আসামি হলেন হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, একেএম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। গত ১ নভেম্বর সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
মামলায় শেখ হাসিনাসহ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। এর আগে ৩ সেপ্টেম্বর ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় তাঁদের পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।