
মানিকগঞ্জের ঘিওর বাজারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা, অবৈধ প্যাথলজি পরীক্ষা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করা হয়েছে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস ও ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার টাকা এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়েছে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে প্রতারণা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে