November 12, 2026, 7:35 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন

মোঃ ইসমাইল হোসেন

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বেয়াদবি’ করছেন।
একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সরকারকে ব্যর্থ করার মিশনে নামার অভিযোগও তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।’
তিনি আরও লেখেন, ‘একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামী লীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।’
রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, ‘একটি বারের জন্যও তারা বলছে না যে, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে। বরং তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা মনেপ্রাণে চায় যে, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে।’
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্র্যাপে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যদের সঙ্গে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংসদে তুলে ধরেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিতে দাঁড়ালে বিরোধী দলের কয়েকজন সদস্য প্রতিবাদ জানান। প্রাথমিক তদন্তে পেট্রোলবোমা হামলার প্রমাণ মেলেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলে হট্টগোল আরও বেড়ে যায়।
অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরোনো ও পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, মিটার এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ আগেই বলে দিয়েছেন যে আগুন লাগানো হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ সময় তিনি তথ্য-উপাত্ত ও ছবি দেখিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ ও হইচই শুরু হয়।
একপর্যায়ে হট্টগোলের মধ্যে বক্তব্য থামিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি। দয়া করে আমি কথা বলার সময় একটু শুনুন। আপনারা পরে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য খণ্ডন করতে পারবেন।’



ফেসবুক কর্নার