November 12, 2026, 1:38 pm
শিরোনাম :

নুসরাতের বাড়িতে পেট্রল বোমা হামলা, ব্যবস্থা নিতে আসিফের প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, নাকি জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে হবে।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’ পোস্টের সঙ্গে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি ও পশুর ছবি যুক্ত করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নুসরাত তাবাসসুম ফেসবুক পোস্টে জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে তাঁর বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ঘরে আগুন লেগে বাড়িটি পুড়ে যায় এবং তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হন বলে দাবি করেন তিনি। পোস্টে নুসরাত লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা তিনি নিশ্চিত করতে পারেননি।



ফেসবুক কর্নার