
লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়া পাউডার দুধের দুটি কৌটার ভেতরে একাধিক শক্তিশালী বোমার অস্তিত্ব পেয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বুধবার (১১ নভেম্বর) উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে বোমাগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। আগামীকাল বিশেষজ্ঞ দলের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়িতে কৌটা দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা কৌটা দুটি উদ্ধার করে পাহারার ব্যবস্থা করেন। পুলিশ জানায়, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনার তদন্তে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসার পেছনে মাটির নিচে পুঁতে রাখা কৌটা দুটি উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিটি কৌটার ওজন আনুমানিক তিন থেকে চার কেজি। প্রাথমিক পরীক্ষায় ভেতরে বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেছে। আদালতকে অবহিত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় না করা পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে। স্থানীয়রা দ্রুত বোমা নিষ্ক্রিয় ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।