November 12, 2026, 1:28 pm
শিরোনাম :

সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে অর্থঋণ আদালতের আদেশ অমান্যের অভিযোগ

আবু বক্কর সিদ্দিক, স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এ বিচারাধীন একটি মামলায় আদালতের আদেশ অবমাননার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট ডিজিএমের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। আদালতে দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, অর্থঋণ মামলা নং-১৬৯/২০১৩-এর বাদী সোনালী ব্যাংক লিমিটেড এবং বিবাদী মেসার্স প্রেস ট্রেডিং গং। মামলাটি চট্টগ্রামের জজ অর্থঋণ আদালত-১-এ বিচারাধীন রয়েছে।
আবেদনে বলা হয়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে আদালতের দেওয়া ১০ নম্বর আদেশ বাস্তবায়ন না করায় অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৫২ ও ৫৭ ধারার আলোকে সংশ্লিষ্ট ডিজিএমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আবেদনকারী পক্ষের দাবি, মামলার শুনানির জন্য ডিজিএমের উপস্থিতির অপেক্ষায় দীর্ঘদিন সময় অতিবাহিত হচ্ছে। আদেশ বাস্তবায়ন না হওয়ায় বিবাদী পক্ষ অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ওই আবেদনে ন্যায়বিচারের স্বার্থে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, পাওনা টাকা আদায়ের পরও অতিরিক্ত এক কোটি টাকা নেওয়া হয়েছে, অথচ বন্ধক রাখা জমির দলিল ফেরত না দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের জনপ্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানের পরবর্তী পর্ব প্রকাশিত হবে।



ফেসবুক কর্নার