নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক শ্রমিক দল নেতার গলিত মরদেহ তাঁর শ্বশুরবাড়ির পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সানখালি গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগমের ফোন পেয়ে রাসেল শ্বশুরবাড়িতে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, ওসি (তদন্ত) ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ পুলিশ সদস্যরা গভীর রাতে ঘটনাস্থলে যান। দুর্গন্ধের সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিত্যক্ত ঘরের ভেতর পুরোনো লেপ দিয়ে ঢেকে রাখা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। নিহত রাসেল নোয়াখোলা ইউনিয়নের শিংবাহুড়া জমাদার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর নোয়াখোলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তাঁর সাত বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
নিহতের পরিবার ও বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের পারিবারিক কলহ শুরু হয়। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন অশান্তি চলছিল বলে জানা গেছে। এ বিষয়ে ওসি আবদুল মোন্নাফ জানান, এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে রাসেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।