
খুলনার রূপসা উপজেলায় দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির সার্চ কমিটির এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আ. জলিল শেখের ছেলে এবং ৪ নম্বর টিএসবি ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরক নামে এক ব্যক্তির দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত জাকির হোসেন পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।