
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, বাড়ির সামনে অবস্থানকালে প্রতিবেশী খগেশ্বর রায় তাকে জোরপূর্বক পাশের একটি বাঁশঝাড়সংলগ্ন খালের পাড়ে নিয়ে যান।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটির চিৎকার শুনে তার মা, ভাই ও এক প্রতিবেশী নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিরতী রানী রায় দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই খগেশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।