
যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা। জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানের প্রতিযোগীদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। একই কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করেছে জাম্বিয়া।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পুয়ের্তোরিকোয় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল এখনো ভিসা পাননি। তিনি জানিয়েছেন, ভিসা অনুমোদনের জন্য চেষ্টা চলছে। দক্ষিণ সুদানের প্রতিনিধিও একই পরিস্থিতির মুখে পড়েছেন। তাঁর অংশগ্রহণের সম্ভাবনা এখন ৫০-৫০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে জিম্বাবুয়েসহ ১৯টি দেশ। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া বিধিনিষেধে এসব দেশের নাগরিকদের বিভিন্ন শ্রেণির ভিসা প্রদান সীমিত করা হয়েছে।
এদিকে, ভিসা জটিলতার কারণে প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রত্যাহার করেছে জাম্বিয়া। মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা জানিয়েছেন, ব্যক্তিগত বা সাংগঠনিক সমস্যায় নয়, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই তাঁর অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। আয়োজকদের দাবি, আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই সমস্যায় পড়েছে। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তোরিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।