
জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর ও ‘ট্রিপট্যাংক’-এর সহনির্মাতা মাইকেল জন রবার্টস মারা গেছেন। গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি গ্লিওব্লাস্টোমায় আক্রান্ত ছিলেন, যা মস্তিষ্কের এক ধরনের আক্রমণাত্মক ক্যানসার। তাঁর স্ত্রী অভিনেত্রী ব্রি উইলিয়ামসনসহ পরিবারের সদস্যরা এক শোকবার্তায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শোকবার্তায় পরিবার জানায়, মাইকেল ছিলেন প্রতিভাবান শিল্পী। অন্যরা যেসব বিষয় এড়িয়ে যেতেন, সেখানেও তিনি সৌন্দর্য ও অর্থ খুঁজে পেতেন। ছবি আঁকা ও অ্যানিমেশনের বাইরেও পৃথিবীকে দেখার এবং প্রশ্ন করার নিজস্ব ধরন ছিল তাঁর। অসুস্থতা হঠাৎ ধরা পড়ার পর অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। তাঁকে অসুস্থতার জন্য নয়, বরং তাঁর কাজ, বন্ধুত্ব, সম্পর্ক ও উদারতার জন্য স্মরণ করার আহ্বান জানিয়েছে পরিবার।
১৯৭৭ সালের ২০ ডিসেম্বর কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন মাইকেল। শিশুদের অনুষ্ঠান ও অ্যানিমেশন দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অ্যাঞ্জেলা অ্যানাকোন্ডা’ ও ‘দ্য হুবস’। পরে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত কমেডি সেন্ট্রালের অ্যানিমেটেড স্কেচ শো ‘ট্রিপট্যাংক’-এর সহনির্মাতা ও পরিচালক হিসেবে কাজ করেন। নেটফ্লিক্সের ‘বোজ্যাক হর্সম্যান’-এর উদ্বোধনী টাইটেল সিকোয়েন্সের অ্যানিমেশন তৈরির পাশাপাশি সিরিজটির দুটি পর্বও পরিচালনা করেন তিনি। সিরিজটি ২০২০ সালে শেষ হয়।