
ভারতের আসামের কাজীরাঙ্গায় কনটেইনার ট্রাক ও মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১৩ নভেম্বর) রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধারে কাজ শুরু করেন। আহতদের কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা জানান, প্রথমে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধারকাজ চলার সময় মৃতের সংখ্যা বাড়ে।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ান। পুলিশ কর্মকর্তা স্বপ্নীল দেকা বলেন, কাজীরাঙ্গা জাতীয় উদ্যানের কাছে নির্ধারিত গতিসীমা অমান্য করেছিল বাসটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।