
প্রয়াত স্বজনকে স্মরণ করে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না।’ একই সঙ্গে চারপাশের সবাইকে সুস্থতার সঙ্গে বেঁচে থাকার জন্য দোয়া করেন তিনি।
পোস্টে জয় জানান, তাঁদের পরিবারের দুই বাড়ি—নানার বাড়ি ও দাদার বাড়ি। ছবিটি নানার বাড়ির কাজিনদের সঙ্গে তোলা। জীবনের বিভিন্ন সময়ে নানা-নানি, দাদা-দাদি, বাবা, চাচা, মামা-মামীসহ অনেক স্বজনকে হারিয়েছেন তাঁরা। তাঁদের কাছে মুরুব্বি হিসেবে ছিলেন মুনমুন আপার স্বামী গোফরান ভাই। তাঁর জানাজা শনিবার বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোন মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা জানান জয়।
ছবিতে থাকা স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি, রাগ ও অভিমান থাকলেও সবার কাছে গোফরান ভাই ছিলেন সবচেয়ে ভালো মানুষ—এমন মন্তব্য করেন জয়। ছোটবেলা থেকে ভালো মানুষের আয়ু কম হওয়ার কথা শুনে আসার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, এমন ভালো মানুষ হওয়ার দরকার নেই, যে ভালো মানুষ হলে পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যেতে হয়। পোস্টের শেষে সবার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন এই অভিনেতা।