
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে। সবকিছু ঠিক থাকলে বড়দিন উপলক্ষে সিনেমাটি একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমাটি বাংলাদেশে আমদানির উদ্যোগ নিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, সিনেমাটি বাংলাদেশে মুক্তির সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
সাফটা চুক্তির আওতায় আমদানি প্রক্রিয়া সম্পন্ন হলে ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তি পেতে পারে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’। তবে ‘কিং’ বাংলাদেশে মুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে বড়দিনে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাবেন শাহরুখভক্তরা।