
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে চার সাংবাদিকের। পরে বিএনপি নেতার করা চাঁদাবাজির মামলায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনটিভি ডিজিটালের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোর্শেদ খান, সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া। শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় দেওবাড়ী বাজারে ধর্ষণের অভিযোগে এক নারীকে সালিশের মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসার খবর সংগ্রহ করতে যান তাঁরা। পরে স্থানীয় এক মাতবরের তথ্যের ভিত্তিতে পাশের বাড়িতে মাদক সেবনের দৃশ্য ভিডিও ধারণ করেন। তাঁদের দাবি, বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করলে তিনি লোকজন জড়ো করে সাংবাদিকদের আটকে হেনস্তার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নেয়। শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। মামলায় মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের।
আদালতে নেওয়ার পথে আব্দুর রাজ্জাক সুজন দাবি করেন, মাদক সেবনকারীরা তাঁদের ম্যানেজ করতে না পেরে মব তৈরি করে ফাঁসিয়েছেন এবং তাঁর সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।