
নড়াইলের লোহাগড়ায় পিতা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি খায়রুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল।
গ্রেপ্তার খায়রুল শেখ লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের মৃত আফছার শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফছার শেখের সঙ্গে তাঁর ছেলে খায়রুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো বটি দিয়ে বাবার মাথা ও বুকে আঘাত করার অভিযোগ রয়েছে খায়রুলের বিরুদ্ধে। গুরুতর আহত আফছার শেখ পরে মারা যান।
এ ঘটনায় খায়রুল শেখসহ তিনজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।