
দুনিয়ার জীবন নয়, আখিরাতকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ, জাতি ও সংগঠন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব মোকাবিলা করে দেশ ও উম্মাহর জন্য কাজ করে যেতে হবে। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দেশে ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের দাবি। সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে ভূমিকা রাখার পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কথা জানান তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা প্রকাশের দাবিও জানান। বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিষয় ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।