
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে ‘আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ’ লেখা ব্যানার ছিল। এতে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম উল্লেখ করা হয়। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজারের নাফিতের পোল এলাকার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা কার্যালয়ের দরজা-জানালায় পেট্রোল ঢেলে আগুন দেন এবং জানালার কাচ ভাঙচুর করেন। এতে সামনের দরজার কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।