November 21, 2026, 11:22 am

কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা

নাইম টিটো, স্টাফ রিপোর্টার, নড়াইল।

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মিলু দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২১ নভেম্বর ২০২৬ দেওয়া এক বক্তব্যে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানান। তাঁর অভিযোগ, ২১ নভেম্বর দিবাগত রাতে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি ইউনিয়নে বিএনপির কর্মীরা নিরীহ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন। ওয়াহিদুজ্জামান মিলু বলেন, একজন মানুষ হিসেবে তিনি নিরীহ মানুষের ওপর এমন ঘটনাকে সমর্থন করতে পারেন না। বিবেকের তাড়না থেকেই তিনি উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বক্তব্যে তিনি বিএনপির নেতৃত্বের সমালোচনা করেন এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, নড়াইলের বর্তমান পরিস্থিতি আতঙ্কজনক হয়ে উঠেছে। বক্তব্যের শেষে তিনি নিজের নাম উল্লেখ করে কালিয়া উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অভিযোগের বিষয়ে দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার