
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক মোল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা ছরোয়ার হোসেন। মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে সাবেক ইউপি সদস্য হাবিব, মনির হোসেন মোল্যা, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বার, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যুবদল নেতা বেলায়েত হোসেন ও হাবিব মাতুব্বরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে নেতারা গোপালগঞ্জে নৈরাজ্য ও সাধারণ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দেশে নিষিদ্ধ দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই এবং এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তাঁরা রাজপথে থাকবেন।