November 23, 2026, 6:58 pm

ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ফয়সাল আহমেদ | স্টাফ রিপোর্টার

​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থিত তার বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত লীগের নেতাকর্মীরা এই আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
​সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের একটি ভিডিও যুক্ত করে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান আব্দুল্লাহ আল মিনহাজ।
​ফেসবুক পোস্টে তিনি জানান, ভোররাতে নিষিদ্ধ লীগের কর্মীরা তার গফরগাঁওয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সে সময় তার বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন; তবে আগুন বাড়ির একপাশে লাগায় তারা তাৎক্ষণিকভাবে টের পাননি।
​ঘটনার আলামত ও ভয়াবহতা তুলে ধরে মিনহাজ আরও লেখেন, “পরবর্তীতে কেরোসিনের গন্ধ, বোতল, দেওয়ালে আগুনের পোড়া দাগ এবং লীগ কর্তৃক প্রচারিত ভিডিওর সিনারিও—সব বলছে যে ওরা বাড়ির সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছে। আল্লাহ রহম করেছেন, তা না হলে বড়সড় অঘটন ঘটত।”
​অল্পের জন্য পরিবারের সদস্যরা বড় ধরনের বিপদ ও প্রাণহানি থেকে রক্ষা পেলেও, এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ছাত্রসমাজের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার