
সিলেট মহানগরীর ব্যস্ততম এলাকা সোবহানীঘাট ইবনে সিনা পয়েন্টে প্রতিনিয়ত যানজটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দিনের বিভিন্ন সময়ে, বিশেষ করে সন্ধ্যার পর যানবাহনের চাপ বেড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, পথচারী, শিক্ষার্থী, রোগীসহ নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পয়েন্টটির সামনে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক সময় যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকছে। বিশেষ করে হাসপাতাল ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ বাড়ছে। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকেও যানজটে আটকে সময় নষ্ট করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও নিয়মিত তদারকির অভাব রয়েছে। নগরবাসীর দাবি, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিং বন্ধ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ নেয়। প্রতিদিনের এ দুর্ভোগ নিরসনে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।