November 23, 2026, 6:50 pm

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত

তানভীর আজাদ, কুষ্টিয়া স্টাফ রিপোর্টার।

 

 

‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এতে অংশ নেন। পরীক্ষায় ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প ইভেন্ট অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলামের তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আনাম উপস্থিত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শারমিন আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান।

পরীক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, টিআরসি পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। প্রার্থীরা নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন। এ জন্য তিনি প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার আহ্বান জানান। এ সময় কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার