
ময়মনসিংহের ভালুকায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগে রাজিব মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ে রশিদ মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। রাজিব ওই বাড়ির মালিকের ছেলে।
মামলার বিবরণ ও বাদীর অভিযোগ অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২১ বছর বয়সী এক যুবক তাঁর ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া ওঠেন। ঘটনার রাতে বাড়ির আরেক ভাড়াটিয়া সিরাজুল ইসলাম (২৬) বিকাশে টাকা পাঠানোর কথা বলে স্বামীকে ঘুম থেকে ডেকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে দোকান বন্ধ থাকায় তাঁরা একটি চায়ের দোকানে বসেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর স্বামী বাসায় ফিরে স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। বাদীর দাবি, এ সময় রাজিব ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে নির্যাতন করেন এবং আরেক ভাড়াটিয়া হেলাল উদ্দিন (৩৫) বাইরে পাহারায় ছিলেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।