November 24, 2026, 4:40 am

রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫

মাহমুদুল হক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

 

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। একই সময়ে চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজিয়নের আওতায় রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করেন।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)। এ ছাড়া দেশি-বিদেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন ও বিভিন্ন ধরনের ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন।

এদিকে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ২৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ দল শিবগঞ্জের ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামে একজনকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করে। গত এক বছরে ৫৯ বিজিবি প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি।



ফেসবুক কর্নার