November 24, 2026, 5:12 pm
শিরোনাম :
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

অভয়নগর প্রতিদেক

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতরা হলেন, চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩)। তিনি পটিয়ার মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তার পরিচয়সহ অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ওবায়দুর রহমান ওবাইদু বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পড়ে ছিল। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার