November 25, 2026, 7:01 am
শিরোনাম :

কচুয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

আনোয়ার হোসেন রাজ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

 

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আরাফাতের মোবাইল ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি পান পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তাঁর চাচা নাহিদ হোসেনের এবং শখের বশে সেটি হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন।

আরাফাতের তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামে অভিযান চালায়। অভিযানে নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। চেকপোস্টে আটক অন্য ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।



ফেসবুক কর্নার