March 10, 2026, 10:20 am

টাঙ্গাইলের ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১ জনের অমীমাংসিত

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুই দফায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন অনিয়ম ও ত্রুটির কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল-১ আসনে: বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী (এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি), স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী (সরকারি কলেজ থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়া) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ (আয়-ব্যয়ের সত্যায়িত কপি জমা না দেওয়া)। টাঙ্গাইল-২ আসনে: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর (আয়-ব্যয়ের সত্যায়িত কপি জমা না দেওয়া) টাঙ্গাইল-৩ আসনে: স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া (উভয়ের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি)। টাঙ্গাইল-৪ আসনে: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন (সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা ও স্বতন্ত্র প্রার্থী ডা. শাহ আলম তালুকদার (উভয়ের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি)।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লিয়াত আলীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ৮টি আসনে মোট ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। আজ প্রথম দিনে টাঙ্গাইল-১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। আগামীকাল শনিবার টাঙ্গাইল-৫, ৬, ৭ ও ৮ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হলেও তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।



ফেসবুক কর্নার