June 5, 2026, 10:55 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে জব্দ ট্রাক্টরের যন্ত্রাংশ উধাও, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সালাউদ্দিন রানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত ট্রাক্টর থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। পুলিশের হেফাজতে থাকা এসব যানবাহন থেকে সেলফ-স্টার্টার, ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ অংশ উধাও হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট মালিকরা।
অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন অভিযানে জব্দ করা ট্রাক্টরগুলো ফাঁড়ির ভেতরেই সংরক্ষণ করে রাখা হয়। তবে ফাঁড়ির পূর্ব পাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে। এ সুযোগে দুর্বৃত্তরা রাতে প্রবেশ করে ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে একইভাবে যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত যানবাহন ছাড়াতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, আর সেই সময়ের মধ্যেই গাড়িগুলো থেকে একে একে যন্ত্রাংশ গায়েব হয়ে যায়। ফলে মালিকরা গাড়ি ফেরত পেলেও তা আর আগের মতো ব্যবহারযোগ্য থাকে না, এতে আর্থিক ক্ষতি বাড়ছে।
এ বিষয়ে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ফাঁড়ির পূর্ব পাশে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিষয়টি নজরে আসার পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে ক্ষতিগ্রস্তদের মতে, শুধু আশ্বাসে সমস্যা সমাধান হবে না। তারা দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ, নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি জব্দকৃত যানবাহন দ্রুত ফেরতের প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তারা।
সচেতন মহলের অভিমত, পুলিশের হেফাজতে থাকা সম্পদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনসাধারণের আস্থা ক্ষুণ্ন হতে পারে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।



ফেসবুক কর্নার