
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ব্যক্তির আপত্তিতে একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের কাজ বন্ধ হয়ে পড়েছে। এতে করে কয়েকশ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোণাউর সংযোগ সড়ক থেকে গুড়িগ্রাম হয়ে মূলগ্রাম ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত সড়কটির উন্নয়ন কাজ দীর্ঘদিনের প্রত্যাশার পর শুরু হলেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর এলাকার বাসিন্দা ও প্রবাসী সানাউল্লাহ ছানা দাবি করেন, রাস্তার কিছু অংশ তার ব্যক্তিগত জমির ওপর দিয়ে যাচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়।
বিষয়টি সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশে সরকারি আমিন দিয়ে জমি মাপা হলে রাস্তার সীমানার মধ্যে তার কোনো জমি না থাকার তথ্য উঠে আসে। এরপরও তিনি আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালতের স্থগিতাদেশে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কাজ বন্ধ থাকা অংশে রাস্তা খুঁড়ে রাখায় চলাচল কঠিন হয়ে পড়েছে। এক পাশে গুচ্ছগ্রাম ও অন্য পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম সামনে রেখে এই অবস্থায় চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠছে।
কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, “জনগুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ অনেক কষ্টে বরাদ্দ এনে শুরু করা হয়েছিল। বর্তমানে আইনি জটিলতায় কাজ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশনা পেলেই পুনরায় কাজ শুরু করা হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর জানান, জনস্বার্থে উন্নয়নমূলক কাজ বন্ধ হওয়া উচিত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত সানাউল্লাহ ছানা দাবি করেছেন, তার রেকর্ডীয় জমি রাস্তার মধ্যে পড়েছে। সঠিকভাবে সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন।
এ অবস্থায় স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান করে সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।