
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিবসটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতি বছর ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়ে থাকে, যার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রাপ্তির বিষয়ে সচেতন করে তোলা।