
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি উপজেলার ফতেপুর ও ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন সেতু ও কালভার্টের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, গুণগত মান এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—বাংলাবাজার থেকে গুলনীগামী সড়কের পালাছড়া খালের ওপর নির্মাণাধীন কালভার্ট, মহিষখেঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার ওপর সেতু, চিতামইন ব্রীজ, কামাইদ গ্রামের সড়কের খালের ওপর ব্রীজ এবং ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রাম ফুটারো খালের ওপর নির্মাণাধীন সেতু।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজসেবকরা।
উপ-সচিব সাইফুল ইসলাম বলেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।