
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার মডেল সভাপতি ও বৃহত্তর ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ আবদুল জব্বার।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসা আবদুল জব্বার তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং পল্লী চিকিৎসকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকার কারণে নেতৃবৃন্দের আস্থা অর্জন করেছেন। এরই প্রেক্ষিতে তাকে গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম চিশতি। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলী আরশাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ রশীদ।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা জেলার সভাপতি পল্লী চিকিৎসক এম সাইজউদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের পেশাগত স্বীকৃতি, প্রশিক্ষণ ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। নতুন কমিটি এই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বার বলেন, “সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। পল্লী চিকিৎসকদের মর্যাদা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।”
এদিকে, কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়েছে।