
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স, মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিশেষ টিমের মাধ্যমে সাধারণ মানুষকে পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে পরামর্শ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল-মামুন বলেন, স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। সুস্থ থাকতে হলে পুষ্টিগুণসমৃদ্ধ খাবার গ্রহণের বিকল্প নেই। জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং বিশেষ পরামর্শ সেবা প্রদান করা হবে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে মানুষের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।