June 10, 2026, 6:56 pm
শিরোনাম :
বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের ঢাকা-সিলেট ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেল, নিহত ২ ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা দিনাজপুরে পার্টনার কংগ্রেস: পুষ্টি ও কৃষিভিত্তিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ধূমপানমুক্ত সমাজ গঠনে বান্দরবানে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ শিক্ষক সংকটে জবির আইইআর, সেশনজটে অনিশ্চয়তায় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

সাইকেলের প্যাডেলে ভর করে দেশজয়ের স্বপ্ন, ঠাকুরগাঁওয়ে তরুণ মোবাশ্বের

কাইয়ুম হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি

মাথার ওপর প্রখর রোদ, দীর্ঘ পথের ক্লান্তি আর সীমিত সামর্থ্য—কোনো কিছুই থামাতে পারেনি তরুণ মোবাশ্বের আলীকে। জাতীয় পতাকা হাতে সাইকেলের প্যাডেলে ভর করে তিনি ছুটে চলেছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার লক্ষ্য শুধু ভ্রমণ নয়; দেশের মানুষ, সংস্কৃতি ও প্রকৃতিকে কাছ থেকে জানা এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া।
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর গ্রামের বাসিন্দা মোবাশ্বের আলী চলতি বছরের ৩০ এপ্রিল নিজ এলাকা থেকে সাইকেল ভ্রমণ শুরু করেন। অভিযানের ৩৯ দিনে তিনি ইতোমধ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা ঘুরে বর্তমানে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি এখন পর্যন্ত দুটি জেলার আটটি উপজেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।
মোবাশ্বের রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। কৃষক পরিবারে জন্ম নেওয়া এই তরুণ ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি আগ্রহী ছিলেন। সেই স্বপ্নই আজ রূপ নিয়েছে দেশজুড়ে সাইকেল অভিযানে। ভবিষ্যতে বিশ্বভ্রমণেরও ইচ্ছা রয়েছে তার।
ভ্রমণের পাশাপাশি তিনি পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দিচ্ছেন। “প্রকৃতি বাঁচলে, বাঁচব আমরা”—এই স্লোগান সামনে রেখে তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বর্তমান সময়ে তরুণদের মধ্যে এমন উদ্যোগ খুবই বিরল। তারা মনে করেন, মোবাশ্বের শুধু দেশ ভ্রমণই করছেন না, একই সঙ্গে পরিবেশ ও সচেতনতার ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিচ্ছেন।
নিজের টিউশনি থেকে জমানো অর্থে এই দীর্ঘ সফরের ব্যয় বহন করছেন মোবাশ্বের। পরিবারও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আন্তরিকতা ও ভালোবাসাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন বলেন, একজন তরুণের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষকে জানার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির কাজও করছেন তিনি। নিরাপদ ভ্রমণের জন্য তাকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়-বৃষ্টি, রোদ কিংবা ক্লান্তি—সবকিছুকে জয় করে দুই চাকার বাহনে ভর করে এগিয়ে চলেছেন মোবাশ্বের আলী। তার এই ব্যতিক্রমী যাত্রা আজ অনেক তরুণের কাছেই অনুপ্রেরণার নাম।



ফেসবুক কর্নার