
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাকিমপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আফজাল হোসেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আফজাল হোসেন বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে আরও লাভজনক খাতে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, কৃষি ও পুষ্টিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃষক, কৃষি কর্মকর্তা, উদ্যোক্তা, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষিখাতে উদ্ভাবনী প্রযুক্তির প্রসার, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে কৃষি ও পুষ্টি উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।