June 16, 2026, 6:33 pm
শিরোনাম :
আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা

ইসমাইল হোসেন

 

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়েও জানতে চান।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সম্পূরক বাজেটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গেলেও যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দেন।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যে সিদ্ধান্তে একমত হয়েছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন করতে পারব বলে আশা করি।”

আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা নেই। তিনি উল্লেখ করেন, জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দলীয়ভাবে মনোনীত।

তিনি বলেন, “২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার চার মাস ক্ষমতায় থাকলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।”

সংবিধানের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, “সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বর্তমানে প্রশাসকদের মাধ্যমে জেলাগুলো পরিচালিত হচ্ছে, যা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।”

স্থানীয় সরকার মন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, “স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? আর সেই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না—এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে। কেউ বলছেন তারা অংশ নিতে পারবেন, কেউ বলছেন পারবেন না। আবার কেউ বলছেন দলীয় প্রতীক না থাকলে পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরা অংশ নিতে পারবেন। এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।”

তিনি বলেন, এ বিষয়ে পরিষ্কার অবস্থান জানানো হলে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় পর্যায়ের রাজনৈতিক কর্মীদের জন্যও বিষয়টি বুঝতে সুবিধা হবে।



ফেসবুক কর্নার