
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা এটি তাদের রাজনৈতিক মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল। জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।
জামায়াতে ইসলামী সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটি গণতান্ত্রিক কি না, সে বিষয়ে তাদের নেতারাই মূল্যায়ন করবেন।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগও নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।